
চুয়াডাঙ্গায় শিয়ালের সাথে আলমসাধুর ধাক্কায় সন্ধ্যা রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার রাত ৮টার দিকে দর্শনা-জীবন নগর মহাসড়কের উথলী মোল্লাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সন্ধ্যা রানী দর্শনা থানাধীন দর্শনা পৌর শহরের রামনগর কালিদাসপুর এলাকার দুলাল ওরফে ঘটের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে সন্ধ্যা রানী সহ ১৫-১৬ জন ঝিনাইদহ জেলার খালিশপুর থেকে আলমসাধু যোগে বাড়ি ফেরার পথে জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি নামক স্থানে পৌঁছায়। এ সময় একটি শিয়াল রাস্তা পার হওয়ার সময় আলম সাধুর সাথে ধাক্কা লাগলে আলম সাধু উল্টে ঘটনাস্থলেই সন্ধ্যা রানী নিহত হন। এ সময় বাদলী (৩১), বিকাশ (৫০), রিকার (৪০), শেফালী (৪৩), জ্যোৎস্না (৩৫), চাইনা (৪০), টুকল (৪৫), আকাশ (৪৫) ও মিলন (২৫)-সহ ১৫ জন গুরুতর আহত হন। তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে বাদলী ও জ্যোৎস্নার অবস্থা আশংকাজনক।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।