মুন্সীগঞ্জে নিখোঁজের ১৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৪ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে নিখোঁজের ১৯ দিন পর সাকিল খালাসী (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

এর আগে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার মেঘনা নদীর তীরের চর রমজানবেগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান আফসু (২৫) ও অটোরিকশাটির ক্রেতা ইউসুফ গাজী (৬০)। এ সময় লুণ্ঠিত অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চর হায়দ্রাবাদ এলাকার শাহীন খালাসী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় নিজের মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সাকিল। পরদিন ২৮ জানুয়ারি তার বাবা মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ জিডি করেন। এরপর দীর্ঘ ১৯ দিনেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের সময় সাকিলের পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো জ্যাকেট। তিনি মাঝারি গড়নের, ছোট চুল ও শ্যামলা বর্ণের ছিলেন। নিখোঁজের পর একটি প্রতারক চক্র তাকে উদ্ধার করা হয়েছে দাবি করে পরিবারের কাছে হুমকি দিয়ে অর্থ দাবি করে বলে অভিযোগ রয়েছে।

রোববার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝোপঝাড় থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। 
স্বজনরা সেটিকে সাকিলের মরদেহ হিসেবে শনাক্ত করেন।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ইজিবাইক ছিনতাইকে কেন্দ্র করে সাকিলকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ ঝোপের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা এবং একজন লুণ্ঠিত অটোরিকশা ক্রয়ের কথা স্বীকার করেছেন।