দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে চাকরি মেলা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ

সোমবার সকালে দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।

এসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, দিনাজপুরের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ সেলিনা আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুরের নার্সিং সুপারিটেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) অঞ্জলী রানী সরকার।

এছাড়া বক্তব্য রাখেন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার ডা. মো. গোলাম মোস্তফা, দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সাধারণ সম্পাদক মো. শফিকুল হক ছুটু, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুরের হাসপাতাল ইনচার্জ মাজাহারুল হক, সিটি ক্লিনিকের পরিচালক ডা. মো. আমির আলী, হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের পরিচালক তোফায়েল আহমেদ, বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা, চেক-আপ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কীর্ত্তনীয়া ছায়াছন্দ প্রমুখ।

চাকরি মেলায় ১০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেওয়া হয়। নার্সিং ডিপ্লোমা সম্পন্ন করা শতাধিক চাকরিপ্রত্যাশী এতে তাদের সিভি জমা দেন এবং তাৎক্ষণিকভাবে কয়েকজনের ভাইভার মাধ্যমে চাকরি প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিনাজপুর একটি দক্ষ, মেধাবী ও অভিজ্ঞ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ধরনের মেলার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে দেশের বেকার সমস্যা সমাধানের পাশাপাশি মানুষের অন্যতম মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে। এ ধরনের উদ্যোগে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ দিনাজপুর জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বের হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, রোহিঙ্গা ক্যাম্পসহ বিশ্বের নানা স্থানে চাকরির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নার্সিং ইনস্ট্রাক্টর মোছা. আরজিনা খাতুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর মাসুদা পারভিন, রুবিনা আক্তার পারভিন, ফেরদৌসী বেগম শিল্পীসহ আরও অনেকে।