রামগঞ্জ ট্রাজেডি হত্যা মামলার আসামি চেয়ারম্যান হেদায়েত আলী গ্রেপ্তার

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫২ | অনলাইন সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি জেলা কৃষক লীগের সহসভাপতি হিসেবেও পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে নীলফামারী সদর থানায় দায়ের হওয়া একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। এর মধ্যে রামগঞ্জ ট্রাজেডি সংক্রান্ত হত্যা মামলা (জিআর নং ৩২০/২৪) অন্যতম।

এছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলা (জিআর নং ২৬৯/২৪) এবং একই দিনে শহরের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলা (জিআর নং ২৬৭/২৪) তেও তাকে আসামি করা হয়েছে।

আরও কয়েকটি মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তিনি দল পরিবর্তন করেন। গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন বলে স্থানীয়ভাবে প্রচার রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই দলবদল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

দল পরিবর্তনের সময় তিনি এক বক্তব্যে দাবি করেছিলেন, তিনি জনগণের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই নতুন দলে যোগ দিয়েছেন।

স্থানীয়দের একটি অংশের অভিযোগ, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ইউনিয়নের বিভিন্ন সুবিধা বণ্টনে অনিয়ম ও সুযোগসন্ধানী রাজনৈতিক আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।