৪ মন্ত্রী পেল রংপুর বিভাগ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন রংপুর বিভাগের ৪ জন নবনির্বাচিত সংসদ সদস্য।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবন চত্বরে মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে তারা শপথগ্রহণ করেন।
মন্ত্রী হিসেবে রংপুর বিভাগ থেকে যারা শপথ নিয়েছেন তারা হলেন— ঠাকুরগাঁও জেলা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর জেলা থেকে ডা. এ জেড এম জাহিদ হোসেন, লালমনিরহাট জেলা থেকে আসাদুল হাবীব দুলু ও পঞ্চগড় জেলা থেকে ফরহাদ হোসেন আজাদ।
পূর্ণমন্ত্রী হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি বিএনপির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। ডা. এ জেড এম জাহিদ হোসেন বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর বিরামপুর নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আসাদুল হাবীব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন। তিনি বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি বোদা-দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে বিএনপি জোট ১৫টি আসনে জয়লাভ করে। অন্যদিকে ১৮টি আসনে জয়লাভ করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
