হোসেনপুরে ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫১ | অনলাইন সংস্করণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ২ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে একই গ্রামের মৃত মহর উদ্দিনের পুত্র ও আবদুল করিমের মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮) হৃদরোগে আক্রান্ত হন। পরে তিনি মারা যান।
আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
একই পরিবারের দু’জনের পরপর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
