হত্যা মামলার আসামি ২ সহোদর ভারতে পালাতে গিয়ে বেনাপোলে আটক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহোদর সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২) ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিক কাজ করতে গেলে যাচাই-বাছাইয়ের পর আটক হন। তারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

আটককৃত দুই সহোদর সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান হালুরগাঁন ও ৯৫ পুরোমুকতো এলাকার জালাল উদ্দিনের ছেলে।

আটককৃত শামিম হোসেন জানান, তারা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের সঙ্গে জড়িত। স্থানীয় পারিবারিক গন্ডগোলের একটি মামলা তাদের নামে রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, উক্ত দুই সহোদর বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট দিলে যাচাই-বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গন্ডোগোলের কারণে হত্যা মামলা পাওয়া যায়। এরপর তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।