নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৬ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসকের পক্ষ হতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ২১ ফেব্রুয়ারি বাদ ফজর সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত করা, ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল রাজনৈতিক দল, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক সহ সাধারণ জনগণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা, সকল সরকারি অফিস ও আদালতে পতাকা অর্ধনমিত রাখা, জেলা চারুকলা ইনস্টিটিউটে সকল শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত করা।
এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ হতে র্যালি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত করা।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির ২১ ফেব্রুয়ারি উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনৈতিক মতবিরোধ ভুলে দেশের স্বার্থে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আল মেহেদী, সহকারি পরিচালক (র্যাব) মো. মহিদুল ইসলাম, বিজিবি জুনিয়র কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
