সিরাজগঞ্জ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন মামা-ভাগ্নে

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির মামা-ভাগ্নে দুই সংসদ সদস্য নতুন সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হওয়ায় জেলায় আনন্দের জোয়ার বইছে। বিকেল থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ ও অভিনন্দন জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় যোগ দিতে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মামা-ভাগ্নে দুজনই ফোন পান।

এ দুই মামা-ভাগ্নে মন্ত্রী হবেন—এ খবর পেয়ে সিরাজগঞ্জে সোমবার বিকেল থেকেই আনন্দের সৃষ্টি হয়। তবে মামা মন্ত্রী হবেন—এ বিষয়ে আগে থেকেই নিশ্চিত ছিল সিরাজগঞ্জবাসী।

তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ডা. এম এ মুহিত।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তারা।

পরে বিকেলে নতুন সরকারের মন্ত্রিসভায় মামা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এবং ভাগ্নে ডাক, টেলিযোগাযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

উল্লেখ্য, ইকবাল হাসান মাহমুদ টুকু খালেদা জিয়ার সরকারের আমলে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবারসহ তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডা. এম এ মুহিত। তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এরশাদ সরকারের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে।

এ খবরে বিকেল থেকে সিরাজগঞ্জ ও শাহজাদপুরে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে মামা-ভাগ্নেকে মন্ত্রী হিসেবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। ইতিমধ্যে এসব শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা ভাইরাল হয়েছে।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আলোকিত বাংলাদেশকে বলেন, জেলা থেকে দুজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হওয়ায় তারা আনন্দিত ও গর্বিত। জেলাবাসীর পক্ষ থেকে ওই দুই মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।