আইসিপি দিয়ে ২৮ বাংলাদেশি নাগরিককে স্বদেশে হস্তান্তর

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে ২৮ জন বাংলাদেশি শিশু-কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিনিধি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতিতে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশন-এর তথ্যমতে, কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কনস্যুলার শাখা থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং এফআরআরও কলকাতার ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ অনুসারে এসব বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

পরে তাদের দু’দেশের ইমিগ্রেশন রোড বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস জানান, স্বদেশে ফেরত আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়েছিল। পরে সেদেশের পুলিশের হাতে আটক হলে আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন সেল্টার হোমে রাখা হয়।

এরপর দু’দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে এবং বিশেষ ট্রাভেল পারমিটে স্বদেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, নিয়মিত সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশের ইমিগ্রেশন ও সীমান্ত কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ ধরনের হস্তান্তর কার্যক্রম পরিচালিত হয়। দেশে ফেরত আসা ব্যক্তিদের পরবর্তী প্রয়োজনীয় যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশে প্রেরণ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, থানার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশু-কিশোরদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় মানবাধিকার কর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, থানা থেকে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ৮ জন, রাইটস যশোর ১০ জন এবং জাস্টিস অ্যান্ড কেয়ার ১০ জন ফেরত আসা শিশু-কিশোরকে নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিজেদের জিম্মায় গ্রহণ করেছে। পর্যায়ক্রমে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।