নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে উধাও, আটক ৫
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৮ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে স্লোগান দেন কয়েকজন নেতাকর্মী। তবে প্রশাসন বলছে, কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এরপর বিএনপির যুবদলের নেতৃবৃন্দ এসে পুনরায় তালা লাগিয়ে দেন। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ নেতাকর্মীকে আটক করে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আগুন দেয়। এ সময় কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া হয়।
বুধবার সকালে আকস্মিক কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনার কিছুক্ষণ পরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।
