চাঁদপুরে টপসয়েল কেটে ফেলায় পাঁচ ভেকু বিকল, আটক ২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০০ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে কৃষি জমির টপসয়েল কেটে ফেলার অপরাধে ৫টি ভেকুকে (এক্সকেভেটর) বিকল করা হয়েছে। এ সময় মাটি কাটার সাথে জড়িত থাকার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। চাঁদপুর সদর উপজেলার মেঘনার পশ্চিম পাড়ের পশ্চিমের চর এলাকার ইব্রাহীমপুর ইউনিয়নের চরে ভেকু দিয়ে জমির টপসয়েল কেটে নেওয়া হচ্ছিল।

অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন— কৃষি জমির টপসয়েল কাটার সাথে জড়িত ভেকুর শ্রমিক হাফেজ মাল (৩৮) ও গোলাম রাব্বানী (৩০)।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী একাধিক কৃষকরা জানান, ইব্রাহিমপুর ইউনিয়নের চালিতাতলী মৌজার চরে বহুকাল ধরে মানুষ কৃষিকাজ করে আসছেন। কৃষিনির্ভর এসব চরে প্রতি মৌসুমে সরিষা, আলু, ধনিয়া, কালিজিরা, ধানসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ হয়ে থাকে। চরগুলো এলাকার মানুষের জীবিকা ও খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎস। এইসব চরাঞ্চলের হাজার হাজার মানুষ এই কৃষি কাজের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন।

তাদের অভিযোগ, সম্প্রতি পার্শ্ববর্তী শরিয়তপুর জেলার একটি প্রভাবশালী চক্র ফসলি জমি নষ্ট করে এসব চর কেটে দখলের মাধ্যমে প্রজেক্ট তৈরি করছে। এজন্য তারা বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনে ৫ থেকে ১০টি ভেকু দিয়ে ফসলি জমির টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষকদের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সদর উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর মাটি কাটা এবং চর দখলকারী চক্রটি ভুক্তভোগী কৃষকদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে বলে তারা অভিযোগ করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, সরকারি জমি ও চর দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।