সিরাজগঞ্জে শিশু তামিম হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চাঞ্চল্যকর শিশু ছাত্র তামিম হোসেন হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামের হাফিজুল ইসলাম, ফিরোজ আকন্দ ও চকপাঙ্গাসী গ্রামের জহুরুল ইসলাম।

এছাড়া একই মামলার অপর আসামি মান্নান আকন্দকে ২ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় দেন। ওই আদালতের পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে স্কুল ছাত্র তামিম হোসেন (৭) একই এলাকার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরদিন সকালে পুলিশ একই এলাকার সরিষার ক্ষেতের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তার গলায় রশি মোড়ানো ও মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল।

এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে— এই মর্মে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ এ মামলার তদন্ত শেষে ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।