নারায়ণগঞ্জে আ’লীগ কার্যালয়ে ব্যানার টানালো নেতাকর্মীরা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে দিয়েছেন কয়েকজন নেতাকর্মী। পরে আশপাশের লোকজন জড়ো হতে দেখে তারা স্থান ত্যাগ করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয়ে এসে পাঁচজন যুবক জড়ো হন। এ সময় জরাজীর্ণ আওয়ামী লীগ কার্যালয়ের নিচতলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ শাখার একটি ব্যানার সাঁটিয়ে তারা স্লোগান দেওয়া শুরু করেন।
এ সময় তারা, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি’, ‘নারায়ণগঞ্জের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি’, ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ ইত্যাদি স্লোগান দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা এই বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন, এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসব কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আজ দুই নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে তারা যে স্লোগান দিয়েছে, এতে তারা রাষ্ট্রীয় আইন অমান্য করেছে। এই আইন অমান্য করার জন্য তাদের বিচার হতে পারে।
যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা সরকারের কাছে আবেদন করে পরবর্তীতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে—যদি সরকার সেভাবে তাদের অনুমতি দেয়। তারা সরকারের কাছে আবেদন করুক, আমরা চাই তারা সুষ্ঠু ধারায় রাজনীতিতে ফিরে আসুক। গত ১৫ বছর তারা যে ফ্যাসিবাদের পরিচয় দিয়েছিল, সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আইন অমান্য করে তারা আজ যে স্লোগান দিয়েছে, এটাও ফ্যাসিবাদের একটি অংশ।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখানে কাউকে পাইনি। এ ছাড়া সেখানে কোনো ব্যানারও পাইনি। স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানতে পেরেছি, যারা স্লোগান দিয়েছিল, তারাই ব্যানার সরিয়ে নিয়ে গেছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্ট মাসে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়টি দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে নেতাকর্মীরাও আত্মগোপনে চলে যান। আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান। এরপর থেকে দীর্ঘদিন ধরে এখানে কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি।
এই অবস্থায় একসময় নেতাকর্মীদের দ্বারা সবসময় জমজমাট থাকা শহরের দুই নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগ কার্যালয়টি জনমানবহীন ভুতুড়ে ভবনে পরিণত হয়।
