ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আকাশ আলী ওরফে আরিয়ান রিমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের আরামবাড়িয়া বাজার এলাকায় মনসুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান উপজেলার সাড়া ইউনিয়নের গোপালপুর বিএম কলেজের শিক্ষার্থী এবং গোপালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রিমনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ভারী যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুজনকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক জানান, প্রত্যক্ষদর্শী না থাকায় কোন যানবাহনের সঙ্গে এবং কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।