ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার জাঠিভাঙ্গা বাজার এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭শ' ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার রাতে পরিচালিত এ অভিযানে জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথের নেতৃত্বে একটি দল সদর উপজেলার পূর্ব সুখানপুকুরী গ্রামের জাঠিভাঙ্গা বাজার এলাকায় সজীব সরকারের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ৭শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় সেখান থেকে সজীব সরকার (২৮) ও সুজন সরকার (৩৯) নামে দুইজনকে আটক করা হয়।

অধিদপ্তর জানায়, জব্দ করা ট্যাবলেট থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।

পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূল্লী থানায় মামলা দায়ের করা হয়েছে।