নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৫ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া থেকেই।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, কচুয়া উপজেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করা হবে। এ লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, নকলমুক্ত কচুয়া একসময় সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছিল। আমরা চাই, একইভাবে কচুয়া হোক মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের মডেল।

তিনি আরও জানান, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যাত্রাও কচুয়া থেকেই শুরু করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে এবং ঘোষিত কর্মসূচিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন এই সাংসদ। শপথ গ্রহণের পর শিক্ষা মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব লাভ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা কচুয়ায় এটাই ছিল তার প্রথম সফর।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।