স্বাস্থ্যবিধি না মানায় পাংশায় ২ ব্যবসায়ীর দণ্ড
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৯ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুই মিষ্টির দোকানিকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাছপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ।
অভিযানে আব্দুল সালাম ও খাইরুলের মালিকানাধীন দুটি মিষ্টির হোটেলে অস্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকান দুটিতে মিষ্টি তৈরির স্থান ছিল অপরিচ্ছন্ন। খাবার প্রস্তুতের সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না এবং সংরক্ষণ ব্যবস্থাও ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে দুই ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ীর স্যানেটারি ইন্সপেক্টর সূর্য বাবু এবং পাংশা থানা পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
