নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপণ চেষ্টা করছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের এখন দায়িত্ব রমজান মাস ভালোভাবে চালানো।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল সামাল দেয়া বিষয়টি কঠিন। কিন্তু আমি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছি। এটি টেকনিক্যাল জিনিস, দু-একটা ফল্টের কারণে বিদ্যুৎ যেতে পারে। তবে বেশিরভাগ সময় বিদ্যুৎ সরবরাহ ভাল থাকবে। বিদ্যুৎ খাতে বিগত সময়ে রেখে যাওয়া বকেয়া এবং বর্তমানে জ্বালানি আমদানি করতে হবে। সব মিলিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কঠিন একটা অগ্নিপরীক্ষা। আমি চেষ্টা করছি, কিভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেয়া যায়।
এর আগে, দুই দিনের সরকারি সফরে সিরাজগঞ্জ পৌঁছেন তিনি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সরকারি বিধিমতে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে তিনি শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং তার পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের করব জিয়ারত করেন।
