কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের বাইপাস সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে—আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন, সঙ্গে সিএনজিচালকও আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়, তবে পরে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তা স্বাভাবিক করে।