দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা শনিবার (২১ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ ও সরকারি নির্দেশনার আলোকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে সচেতন করার জন্য ইউএনও মিলন সাহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দেবহাটা থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে পারুলিয়া ও সখিপুর বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫৫ ধারায় মোট তিনটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও মিলন সাহা বলেন, পবিত্র এই রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী যেন অধিক মুনাফা লাভ না করতে পারে এবং খাদ্যদ্রব্যে কেউ যেন ভেজাল না মেশাতে পারে, সে জন্য সবাইকে সচেতন করা হচ্ছে।
এই মাসের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, জিনিসপত্রের মূল্য বাড়াতে গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
