রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাত ১১টায় ভাষার কবিতা পাঠ ও একুশের গান পরিবেশন করেন রবির শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরবর্তীতে একুশের প্রথম প্রহরে শনিবার রাত ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবির কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এরপর ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবির বিভিন্ন বিভাগ, ছাত্রহল, ছাত্রীহল ও রবির ছাত্রদলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।

তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনার অভিঘাতই আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছে। এ চেতনার শক্তিই আজও আমাদেরকে সকল অন্যায়-অবিচার-আগ্রাসনকে প্রতিহত করতে সদা সচেষ্ট রেখেছে। এ চেতনাকে সদা লালন করে আগামীর বাংলাদেশ নির্মাণে অগ্রগামী হতে হবে।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন রবির প্রক্টর (ভারপ্রাপ্ত) ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম।

এছাড়াও অন্যান্য আলোচক হিসেবে আলোচনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মলিনা খাতুন এবং সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলন, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ প্রমুখ।