‘খাদ্য নিরাপত্তাকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে’
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৪ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের ইসতেহারে ৩১ দফার যে প্রতিশ্রুতি ছিল, তার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও খাদ্য নিরাপত্তা দেওয়া—এই বিষয়গুলো সরকার সর্বোচ্চ গুরুত্ব দিবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এছাড়াও তৃণমূল পর্যায়ে অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য সরকার সুলভ মূল্যে পণ্য সরবরাহে সর্বোচ্চ পদক্ষেপ নেবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র নিম্ন আয়ের মানুষ যাতে প্রোটিনের চাহিদা মেটাতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারে এবং এই রমজানে বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও সারা বাংলাদেশে পর্যায়ক্রমে সব জেলায় এই উদ্যোগ গ্রহণ করা হবে। নিম্ন আয়ের মানুষ যাতে তার খাদ্যের তালিকায় প্রয়োজনীয় প্রোটিনের অভাব পূরণ করতে পারে, তার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
