সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ২২ জেলে আটক, শাপলা পাতা মাছ জব্দ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের অভিযানে ৪১০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ দুটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় ২২ জন জেলেকে আটক করা হয় বন বিভাগ। এ সময় দুটি ট্রলার থেকে দড়িবড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি ৪১০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরেন বন বিভাগের সদস্যরা। এর আগে, শুক্রবার গভীর বনাঞ্চলের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন— পটুয়াখালী জেলার মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হওলাদার (৩২), মো. কালু (৪৮), করহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মো. হানিফ হাওলাদার (৪০), রাজীব হাওলাদার, ইব্রাহিম; মহিপুর গ্রামের মো. ছোমেদ (৪৫); চাপলি গ্রামের মো. রাসেল (৩০); তালতলী থানার তালতলী গ্রামের ইসমাইল; পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মো. শরিফ মিয়া এবং বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালীয়া গ্রামের মো. শফিকুল খান (২০)সহ মোট ২২ জন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী জব্দ মাছ মাটির নিচে পুঁতে ফেলা হবে বলে বন বিভাগ জানিয়েছে।