মহান ভাষা দিবসে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে প্যাপিরাস পাঠাগার। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে কবিতা আবৃত্তি, সাহিত্য আড্ডা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ভাষাসৈনিক চানবক্স মুক্তারের সন্তান জাহাঙ্গীর কবির কাঞ্চন।
তিনি বলেন, ভাষা আন্দোলনের সময় আমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন। তার রাজনৈতিক জীবনে সেটাই ছিল প্রথম জেলে যাওয়া। সে বছরই আমার জন্ম হয়। তাই ভাষা দিবসটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
আলোচনায় অংশ নেন পাঠাগারের উপ-সভাপতি ফেরারী প্রিন্স, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, নির্বাহী সদস্য নাজমুল ইসলাম, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিব ও আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি।
পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ৫২-এর ভাষা আন্দোলন সমগ্র পৃথিবীতে এক অনন্য নজির সৃষ্টি করেছে। রক্ত দিয়ে মায়ের ভাষা রক্ষা করে বীর শহীদেরা আমাদের ঋণী করে গেছেন। আজকের এই দিনে তাঁদের আত্মার শান্তি কামনা করি।
