রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪১ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তিনি।

আলাউদ্দিন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী মারা যান। বাবার শেষ দেখা ও জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার-এর অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিন প্যারোলে মুক্তি পান।

পরে পুলিশি পাহারায় তাকে জানাজাস্থলে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে পুনরায় তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ পাহারায় আলাউদ্দিনকে বাবার জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে জার্মানিতে তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ ঘটনায় সদর থানায় অস্ত্র মামলা দায়ের করা হলে তিনি বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।