নকলায় শহীদ দিবসে শিশুদের চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৪ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলনপূর্বক অর্ধনমিত রাখা, শিশুদের মাঝে দুই গ্রুপে চিত্রাংকন ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, প্রার্থনা ও আলোচনা সভা ছিল উল্লেখযোগ্য।

এ উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভাসহ শিশুদের মধ্যে চিত্রাংকন ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ প্রমুখ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিবসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাংকন ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী পুরস্কার তুলে দেন।

তথ্য মতে, সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে যথাক্রমে আব্দুস সিনাহ, মাওয়া ও তাইয়্যিবাহ ইসলাম নাবা এবং ‘খ’ গ্রুপে যথাক্রমে আফসানা আরবি স্বদিচ্ছা, তাবিব মুহতাসিম অরিক ও মুনতাহা তাবাসসুম নূন পুরস্কার বিজয়ী হয়।

এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে যথাক্রমে আফিয়া আফসারা লিনিত, আবতাহি আরব ও সাফওয়ান মোয়ায এবং ‘খ’ গ্রুপে যথাক্রমে ফাকিহা ফানান রাওমি, আফসানা আরবি স্বদিচ্ছা ও হিমাংশু সাহা পুরস্কার বিজয়ী হয়।