চিকিৎসকের সহায়তায় নবজাতক বিক্রির সিদ্ধান্ত পাল্টালো পরিবার
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

চিকিৎসার খরচ বহন করতে না পেরে সদ্যজাত সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন এক অসহায় পরিবার। কক্সবাজার সদর হাসপাতাল-এর গাইনি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অপারেশনের পর প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছিল পরিবারটি।
জানা গেছে, দীর্ঘদিনের আর্থিক সংকটে পরিবারটি তিন নাতির ভরণপোষণ চালাতে কষ্ট পাচ্ছিল।
এর মধ্যে নতুন সন্তান জন্ম নেওয়ায় খরচ আরও বেড়ে যায়। সন্তানের পিতা অন্যত্র বিয়ে করে যোগাযোগ বন্ধ রাখায় পরিবারটি চরম দুশ্চিন্তায় পড়ে। অনেক সময় না খেয়ে দিন কাটাতে হচ্ছিল তাদের।
অসহায় অবস্থায় পরিবারটি নবজাতককে বিক্রি করার সিদ্ধান্ত নেয় বলে কান্নায় ভেঙে পড়ে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। খবর পেয়ে এগিয়ে আসেন কক্সবাজারের গাইনি চিকিৎসক রোকসানা আকতার। তিনি রোগীর চিকিৎসা সহায়তার ব্যবস্থা করেন এবং পরিবারকে মানসিকভাবে সাহস দেন।
চিকিৎসকের সহায়তা ও স্থানীয় মানবিক উদ্যোগে পরিবারটি নবজাতককে বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসে। শিশুটিকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করার আশা প্রকাশ করেন সন্তানের মা। হাসপাতাল কর্তৃপক্ষও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, সমাজের স্বচ্ছল মানুষরা এগিয়ে এলে এমন অসহায় পরিবারগুলো নতুন জীবন ফিরে পাবে।
