শোলাকিয়ায় ঈদুল ফিতরের ১৯৯তম জামাত সকাল ১০টায়
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন ১৯৯তম ঈদুল ফিতরের বড় জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সভা পরিচালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মারুফ।
প্রস্তুতি সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
এ সময় ঈদ জামাত উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, মাঠ প্রস্তুতকরণ, মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন ১৯৯তম ঈদুল ফিতরের একমাত্র জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জামাতকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়।
