ডালডায় মরা ইঁদুর, চুয়াডাঙ্গায় ২ প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডালডার মধ্যে মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ খাবার বাজারজাতের অভিযোগে চুয়াডাঙ্গার দুটি বেকারিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা শহরতলীর বঙ্গজপাড়া এলাকায় মৌসুমি ফুড নামের একটি কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, খাদ্যপণ্য তৈরিতে ব্যবহৃত ডালডার ভেতরে একটি মরা ইঁদুর পড়ে রয়েছে। ওই ডালডা দিয়েই খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এরপর শহরের রেলবাজার এলাকার অনন্যা ফুড নামের আরেকটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উদ্ধার করা হয়। এসব পণ্য বাজারে সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান জানান, পবিত্র রমজান মাসজুড়ে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পালসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
