কক্সবাজারে রমজানে বাজার মনিটরিংয়ে তৎপর প্রশাসন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কক্সবাজার শহরের বড়বাজার ও বাজারঘাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম।

অভিযানে বিএসটিআইয়ের অনুমোদনহীন টেস্টিং সল্ট বিক্রির দায়ে একটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ব্যাবসায়িক নথিপত্রে ত্রুটি থাকায় আরও কয়েকটি দোকানকে সতর্ক করা হয়েছে।

এ সময় ৫–৬টি গুরুত্বপূর্ণ দোকানে ক্রয়-বিক্রয়ের রশিদ (কাঁচা ও পাকা ভাউচার) যাচাই এবং প্রদর্শিত মূল্যতালিকার সঙ্গে বিক্রয়মূল্যের মিল পরীক্ষা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, “রমজানে অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার তদারকি অব্যাহত থাকবে।”

অভিযানে র‍্যাব, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।