ঈশ্বরদীতে কৃষকদের মাঝে উন্নত বীজ, সার ও উপকরণ বিতরণ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৫ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজের আমদানি কমিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য গ্রীষ্মকালীন উন্নত জাতের পেঁয়াজ বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এই বিতরণী কার্যক্রমে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আরিফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ মো. আব্দুল মোমিন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্রহল্লাদ কুমার কুন্ডু, বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেলে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

তিনি আরও জানান, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করবে। এছাড়া বীজ ও সার সঠিকভাবে ব্যবহারের ওপর জোর দেন তিনি।

বিতরণী অনুষ্ঠানে উপজেলার ২৫ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক সালফেট, ১ কেজি বোরন, ২০০ কেজি জৈব সার ভার্মি কম্পোস্ট, বালাইনাশক (কীটনাশক ও ছত্রাকনাশক) বাবদ নগদ ৩০০০ করে টাকা প্রদান করা হবে।

কৃষকরা জানিয়েছেন, এই সহায়তা তাদের উৎপাদন বাড়াতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।