রংপুরে বিনা সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৩ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালীন সরিষার জাত বিনাসরিষা (৯ ও ১১) প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেবুয়ারী) দুপুরে রংপুর কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক রংপুর কৃষিবিদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল আলম, বিনা রংপুর উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট উপাধ্যক্ষ মোছা. রাহেলা পারভিন।
এ সময় বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাব্বের রহমান, কৃষক সাইদার রহমান প্রমুখ।
বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মো. রফিকুল ইসলাম বলেন, রংপুর বিভাগের রংপুর জেলা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় চলতি বছর বিনাস রিষা ৯ ও ১১ জাতের ৪২শ কৃষককে আড়াই কেজি করে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৮ জেলার ৫৯টি উপজেলায় ১০০টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এতে করে কৃষককে হাতে কলমে পরামর্শ দেয়া হয়েছে। এবছর সরিষার ফলন ভালো হয়েছে। এই স্বল্প মেয়াদি সরিষা অধিক ফলন দেয়। কৃষক তেলের উৎপাদন করে নিজেদের চাহিদা মেটাতে সক্ষম হবে।
