আলমডাঙ্গায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুজন আলী (৩৮) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আসাননগর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরা দেহ উদ্ধার করা হয়।
নিহত সুজন উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মব্বত আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আসাননগর গ্রামের সুজন আলী পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। তিনি তিন সন্তানের জনক। পারিবারিক কলহের জেরে নির্বাচনের আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সুজন বাড়িতে একাই বসবাস করতেন।
সোমবার সকালে বড় ছেলে লিমন তার বাবার খোঁজ নিতে বাড়িতে আসে। বাড়ির প্রধান ফটক ভেতর থেকে বন্ধ ছিল। সে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ঘরের দরজা খোলা অবস্থায় পিতাকে ডাকতে ডাকতে ভেতরে গিয়ে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার বাবা ঝুলছেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এরপর আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ গলিত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তিনি গলায় ফাঁস দিয়েছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
