চুয়াডাঙ্গায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৬ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি আমবাগান থেকে কুটিলা খাতুন (৪৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাহেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের বাড়ির পাশের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, কুটিলা খাতুন দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন। অসহনীয় শারীরিক যন্ত্রণা ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারি বলেন, কুটিলা খাতুন চার থেকে পাঁচ বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক যন্ত্রণায় তিনি ভেঙে পড়েছিলেন।

তিনি আরও বলেন, ফজরের নামাজ শেষে তারই বোনের ছেলে বাড়ির পাশের আম বাগানের গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত পরিবারের অন্য সদস্যদের খবর দেয়। পরে তারা মরদেহ নামিয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে আসমানখালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ ঘটনাস্থলে পৌঁছান।

তিনি বলেন, পরিবারের দাবি, কুটিলা খাতুন দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।