রাজবাড়ীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমিকের বাড়িতে গিয়ে এক কলেজছাত্রীর বিষপানের ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অভিযুক্ত প্রেমিক ও তার পরিবারের সদস্যরা সেখান থেকে সরে যান বলে অভিযোগ উঠেছে। প্রেমিকের প্রতারণার শিকার হয়ে ওই ছাত্রী এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিক শান্ত একই গ্রামের মো. আবু তালেবের ছেলে। ভুক্তভোগী তরুণী ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোন ও ভিডিও কলে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। অভিযোগ রয়েছে, প্রেমিক শান্ত ভিডিও কলের কথোপকথন গোপনে স্ক্রিন রেকর্ড করে তা দেখিয়ে তরুণীকে ব্ল্যাকমেইল করেন এবং শারীরিক সম্পর্কে বাধ্য করেন। পরে বিয়ের দাবি জানালে তিনি তা এড়িয়ে যান। এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী। এরপর প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার মেয়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং ঘটনাটি জানাজানি হওয়ায় পরিবারটি চরম মানসিক সংকটে পড়েছে।

অভিযুক্ত শান্ত-র বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।