কিশোরগঞ্জে বসত ঘরে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৪ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বসত ঘরে আগুনে দগ্ধ হয়ে তৌহিদুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পাশাপাশি থাকা দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসত করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় আবু তুরাবের নাতি তৌহিদুল ইসলাম।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায়, তার শরীরের ৬০ ভাগ অংশ পুড়ে গেছে। 

অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটিকে খুবই আশঙ্কাজনক অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসার শেষে তাকে আমরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। তারপর সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি, শিশুটির অবস্থার অবনতি দেখে রাতেই ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাকালীন সময়ে শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হলে আজ বুধবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।