গ্রাম আদালতে নারী ইউপি সদস্যদের ভূমিকা জোরদারে ওরিয়েন্টেশন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৫ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩ পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, গ্রাম্য আদালতে নারী সদস্যদের অগ্র ভূমিকা পালনের বিকল্প নেই। গ্রাম্য আদালতে সাধারণ জনগণের ন্যায়বিচারে সকলের অগ্রগতি ভূমিকা থাকলে সাধারণ জনগণ ন্যায়বিচার পেতে সমস্যার সম্মুখীন হবে না।

গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে সাধারণ মানুষ উপকৃত হবেন। এ জন্য সকল জনগণকে গ্রাম আদালতের সেবা দিতে সরকারি কর্মকর্তাদের বিকল্প নেই। সমাজের সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছোটখাটো বিরোধগুলো আদালতে না এনে যাতে করে স্থানীয় পর্যায়ে মীমাংসা করা যায়, সেই উদ্যোগ গ্রহণ করা জরুরি।

গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। এই কার্যক্রমের সফল বাস্তবায়নের অংশীদার হলেন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ। গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যেন গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে, সে দিকে খেয়াল রাখতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক ভিডিও চিত্র প্রদর্শন করেন দিনাজপুর ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আবু বক্কর সিদ্দিক।

কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যগণ, দি এশিয়ান ও আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. সিদ্দিক হোসেনসহ আরও অনেকে।