সিরাজগঞ্জে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ১৪ জনের কারাদণ্ড
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির টপসয়েল কাটার দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
দণ্ডপ্রাপ্তরা হলেন— তাড়াশ উপজেলার সুশান্ত কুমার সিং, আসলাম, উল্লাপাড়া উপজেলার মেরাজুল, রায়গঞ্জ উপজেলার চন্দন বসাক, রহমাতুল্লাহ, শাহীন, শাহাদাত হোসেন, আবু তাহের, শামীম শেখ, খলিল মন্ডল, আইয়ুব আলী, রাসেল হোসেন, আব্দুল খালেক ও নাসিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কৃষি জমির টপসয়েল ও অবৈধভাবে মাটি কাটার দায়ে ১৪ জনকে আটক করা হয় এবং মাটি ভর্তি ৭টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ জনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস করে ও অপর ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
