রাজবাড়ীতে বাবা হত্যার বিচার চেয়ে রাজপথে ৩ শিশু
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৬ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

ছোট্ট তায়েবা (১৫ মাস), তামিম (১৪) ও মীম (১৪)—তিন ভাইবোনের চোখেমুখে কেবলই শোক আর শূন্যতা। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন তাদের বাবা আতর আলী শেখ (৪২)। বাবাকে হারানোর বেদনা বুকে নিয়েই হত্যাকারীদের বিচার দাবিতে রাজপথে দাঁড়িয়েছে তারা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব-এর সামনের সড়কে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেয় তিন শিশু। তাদের সঙ্গে শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহত আতর আলীর স্ত্রী মর্জিনা বেগমের স্বজনরা এবং বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, রাজবাড়ী জেলা শাখার সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক চুন্নু মোল্লা।
বক্তারা বলেন, কৃষক নেতা আতর আলী শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিহতের পরিবার ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে আতর আলীর ১৪ বছর বয়সী মেয়ে মীম বলে, “সবার বাপ আছে, আমার বাপ থাকলো না। আমাগেরে এতিম কইরা থুইয়া গেছে। আমি সূর্যের ফাঁসি চাই, ওদের ভাড়াটে গুণ্ডাদের ফাঁসি চাই। সিদ্দিক, জামিন, কামিন, সাইদুল, আলামিন—ওদেরও ফাঁসি চাই। আমাদের যেভাবে এতিম বানাইছে, ওদেরও সেইভাবে এতিম কইরা দাও।”
উল্লেখ্য, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দ শামসুল হক সূর্যের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আতর আলীর পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলাকারীরা একটি টিনের ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে আতর আলীসহ অন্তত ১৬ জন আহত হন।
আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত আতর আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই রজব শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত আতর আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ার আইনুদ্দিন শেখের ছেলে।
