বৃদ্ধ দম্পতিকে অচেতন করে ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোতিথা গ্রামে দিনের বেলায় চেতনানাশক ওষুধ স্প্রে করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের আব্দুস সামাদ সরকার (৮০) ও তার স্ত্রী রাজিয়া পারভিন (৭৪) মঙ্গলবার সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন এবং সকালে ঘুমন্ত অবস্থায় রেখে তাদের ছেলে রাজিবুল স্থানীয় বাজারে যান।
এ সুযোগে দুর্বৃত্তরা বিশেষ কৌশলে ঘরে প্রবেশ করে চেতনানাশক ওষুধ স্প্রে করে। এতে ওই দম্পতি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় প্রায় ৫ লাখ টাকা নগদ অর্থ ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
দুপুরের দিকে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পান। তারা ভেতরে প্রবেশ করে ওই দম্পতিকে অচেতন অবস্থায় দেখতে পান এবং তাদের উদ্ধার করে পাশ্ববর্তী তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া আলোকিত বাংলাদেশকে বলেন, ঘটনাটি তিনি জেনেছেন এবং ঘটনাস্থল ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ওসি।
