রোজাদারদের সুবিধার্থে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুুন: ব্যবসায়ীদের মেয়র শাহাদাত

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১২ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

রোজার মাসে জনভোগান্তি হ্রাসে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের অনুরোধ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে নগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন করেন মেয়র।

পরিদর্শনকালে মেয়র বাজারের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুরসহ রমজানকেন্দ্রিক নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। তিনি ব্যবসায়ীদের পণ্যের দামের তালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশনা দেন। পরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সংগঠনের কার্যালয়ে মত বিনিময় করেন মেয়র শাহাদাত হোসেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র শাহাদাত হোসেন বলেন, রোজার মাসে জনভোগান্তি হ্রাসে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছি। কিছু অসংগতি চোখে পড়েছে। এ বিষয়ে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। সতর্কতা মেনে সংশোধন না হলে তখন আমরা ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

“আমরা স্পষ্ট করে বলতে চাই, এখানে কোন সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ অ্যাকশন চলবে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ব্যবসায়ীরা রমজান মাসে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করেন। অনেক সময় বিনামূল্যে সৌদি আরবসহ বেশ কিছু মুসলিম দেশে আমরা দেখি রোজাদারদের বিনামূল্যে খাবারসহ বিভিন্ন সুবিধা প্রদান করেন ব্যবসায়ীরা। এখানেও আহ্বান থাকবে, এই নৈতিকতায় রোজাদারদের সুবিধার্থে ব্যবসায়ীরা অনেক কিছু করতে পারেন।”

রোজার মাসে কৃত্রিম সংকট সৃষ্টি করা, অযৌক্তিক কারণে দাম বাড়ানো কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না বলে সতর্ক করেন মেয়র। তিনি বলেন, ফুটপাত দখল ও মূল্য তালিকা প্রদর্শন না করা ‘আইন লঙ্ঘনের শামিল’। নগরবাসীর স্বার্থে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বাজার নজরদারির কথা তুলে ধরে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বড় যেসব বাজার যেমন কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট বাজার, পাহাড়তলি বাজার এগুলো আমরা মনিটরিং করছি। এমনভাবে খুচরা বাজারে বিক্রি করা যাবে না যাতে করে দরের তারতম্য অনেক বেশি হয়। সবদিক বিবেচনা করেই আমরা কাজগুলো চালাচ্ছি।”

পাইকারির পাশাপাশি খুচরা বাজারও পর্যবেক্ষণ করা হবে জানিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, “পাইকারির সঙ্গে খুচরা বাজারের তারতম্য থাকতে হবে মিনিমাম। এটা ম্যাক্সিমাম যেন না হয়। মনিটরিং এর মাধ্যমে বাজার দর স্থিতিশীল রাখা আমাদের উদ্দেশ্য।”

এসময় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান মেয়র। 

পরিদর্শনকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাজার সমিতির কয়েক নেতা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। রমজানজুড়ে বাজারে শৃঙ্খলা ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।