চাঁদপুর মডেল থানার অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী বারো আটক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর মডেল থানা পুলিশ ১০১ পিস ইয়াবাসহ নাজিম উদ্দিন ওরফে বারো (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে, মঙ্গলবার রাতে শহরের গনি স্কুলের সামনে থেকে ইয়াবাসহ বারোকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনোয়ার হোসেন মুন্না পাটওয়ারী নামের অপর আসামি পালিয়ে যায়।
আটককৃত নাজিম উদ্দিন ওরফে বারো সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে। পলাতক মনোয়ার হোসেন মুন্না পাটওয়ারী শহরের তালতলা করিম পাটওয়ারী বাড়ির মৃত আব্দুল মমিন পাটওয়ারীর ছেলে।
পুলিশ জানায়, শহরের গনি স্কুলের কাছে সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই নুরুল আলম, এএসআই সুমন কুমার দাশ ও মো. শরীফ উল্লাহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নাজিম উদ্দিন ওরফে বারোকে ১০১ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ সময় মনোয়ার হোসেন মুন্না পাটওয়ারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, মামলা দায়েরের পর নাজিম উদ্দিন ওরফে বারোকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
