জীবননগরে এক হাজার পিস ইয়াবাসহ আটক ৩
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রাম থেকে এক হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— উপজেলার পুরন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮), রাঙ্গামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা এলাকার মং পূজাইনের ছেলে মং চাকমা (৩০) ও একই এলাকার সৈমাংপু চাকমার ছেলে রিপন চাকমা (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এস আই আসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরন্দপুর গ্রামে অভিযান চালিয়ে জিয়াউর রহমান, মং চাকমা ও রিপন চাকমাকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়দের মতে, এলাকায় মাদক বিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতায় স্বস্তি ফিরে এসেছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
