চাঁদপুরে শিশু ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেপ্তার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চার শিশু কর্তৃক এক শিশুকে (৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি আমলে নিয়ে ব্যাপক তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় শাহরাস্তি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চার শিশুকে গ্রেপ্তার করে (২৬ ফেব্রুয়ারি) সকালে তিন শিশুকে গ্রেপ্তার দেখিয়ে কিশোর আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে থানায় অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী ২ জন ও ১২ বছর বয়সী ২ শিশুকে আসামি করা হয়েছে। পুলিশ তদন্ত পূর্বক অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোর আদালতে সোপর্দ করে। আদালত তিন কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেন।

শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আটক ৩ শিশুকে কিশোর আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।