মতাদর্শের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য: এমপি হারুন-অর-রশিদ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২০ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেছেন, “আমাদের এক একজনের মতাদর্শের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমরা জনগণের সমর্থন নিয়ে চেয়ারে বসেছি, এখন আর কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সকল ধর্ম-বর্ণের মানুষের স্বার্থে কাজ করব। যারা আমাদের ভোট দেননি, তারাও যদি অবহেলিত থাকেন, তবে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কাজ আগে করা হবে।”

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে প্রথম ধাপে ১৪টি স্থানে ফ্যামেলি কার্ড প্রদান করা হবে। এর মধ্যে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের একটি ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি দাবি করেন, “আমাদের পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি রয়েছে আমাদের এলাকার প্রতি। এছাড়াও ছোট একটি জেলায় একজন প্রতিমন্ত্রী ও একজন পূর্ণমন্ত্রী মর্যাদার উপদেষ্টা পাওয়া আমাদের জন্য ইতিবাচক দিক।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সমাজের চিত্র তুলে ধরেন। আমি ও আমার দল চাই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক। আমরা আপনাদের স্বার্থেও কাজ করব।”

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংবাদিকরা।