রসিকের মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে ৪ কোটি টাকার আত্মসাৎ মামলা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা সহ ৩ ঠিকাদার ও ৪ ব্যাংক কর্মকর্তা মেঘনা ব্যাংক রংপুর শাখা থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার রংপুরের সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া।

মামলা নম্বর ২, তারিখ ২৫.২.২৬। ধারা: দণ্ডবিধি আইনের ৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুদক আইনের ৫(২)।

মামলায় আসামীরা হলেন: রসিক সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব ব্রাদার্সের স্বত্বাধিকারী আব্দুর রাকিব, মুক্তি প্রকৌশল সংস্থার মালিক এটিএম ফুয়াদ হোসেন, রফিকুল ইসলাম দুলাল, মেঘনা ব্যাংক রংপুর শাখার সাবেক ম্যানেজার মাহফুজুল ইসলাম,সহকারী ম্যানেজার একেএম শফিকুল মমতাজ, সিনিয়র অফিসার আতিকুর রহমান, এভিপি মজ্ঞুর হোসেন পাটোয়ারী।

মামলার বিবরণে জানা গেছে, আসামীরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে প্রতারণামূলকভাবে ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা ৩৩ পয়সা আত্মসাৎ করেছেন।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।