মতামতের ভিত্তিতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে: তথ্যমন্ত্রী
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮ | অনলাইন সংস্করণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।
শুক্রবার বরিশাল সার্কিট হাউসে বিআরটিএ- এর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে সরকার কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর বৈশ্বিক ইকোসিস্টেমে নতুন ধরনের গণমাধ্যমের সঙ্গে এখনও পুরোপুরি যুক্ত হওয়া সম্ভব হয়নি।
তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এমন বিস্তার ছিল না উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ডিজিটাল মাধ্যমের যে প্রসার ঘটেছে, তার সঙ্গে খাপ খাওয়ানো জরুরি হলেও এখনো তা পুরোপুরি সম্ভব হয়নি।
সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার কথাও জানান তিনি।
এর আগে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএ’র ক্ষতিপূরণের চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
