চবি ক্লাবের (ক্যাম্পাস) ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০০ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস)-এর ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ক্লাব প্রাঙ্গণে এই ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, মাহে রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। এ মাস আমাদের সংযম, সততা, সহমর্মিতা, মানবিকতা ও ন্যায্যতার প্রশিক্ষণ দেয়। এ প্রশিক্ষণ তখনই ফলপ্রসূ হবে যখন বাকি ১১ মাসে এর প্রতিফলন হবে।
তিনি বলেন, ধর্ম মানুষের কল্যাণে পালন করা হয়ে থাকে। কোনো ধর্মই মানুষকে অপকর্ম শেখায় না।
উপাচার্য সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, মাহে রমজান আমাদের মাঝে ইসলামী সংস্কৃতি তৈরি করে। ইসলামী বিধান প্রশিক্ষণের মাধ্যমে উদযাপন করার জন্য মাহে রমজানের আগমন। কোরআন নাযিলের মাস হওয়ায় এ মাসের গুরুত্ব অনেক বেশি। এজন্য এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণ। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়।
এজন্য রমজানকে শুধুমাত্র সেহরি-ইফতারের মধ্যে সীমাবদ্ধ না রেখে এ মাসের শিক্ষা ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। উপ-উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান।
ক্লাবের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ড. মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।
সভাপতির বক্তব্যে চবি ক্লাব (ক্যাম্পাস)-এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম আয়োজনে যারা সহায়তা করেছেন, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপাচার্য, উপ-উপাচার্যসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, সহকারী প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রশাসক, অফিস প্রধান, শিক্ষক, চবি ক্লাব (ক্যাম্পাস)-এর কার্যকরী কমিটি ২০২৬-এর সদস্য, অফিসার, আমন্ত্রিত অতিথি এবং ক্লাবের সদস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
