দামুড়হুদায় জমিজমা নিয়ে সংঘর্ষ: পিতা-পুত্রসহ আহত ৭
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪১ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমাসংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব রূপ নেয় সংঘর্ষে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে পিতা নুর ইসলাম (৬৫) ও তার ছেলে সাইদুর রহমান (৩৩)-সহ সাতজন আহত হয়েছেন। এসময় ঘরবাড়ি ভাঙচুরসহ তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জমিজমা নিয়ে বিরোধের জেরেই পিতা-পুত্রের মধ্যে তর্কের উত্তেজনা চরমে পৌঁছায়। অভিযোগ রয়েছে, সাইদুর রহমানের শ্বশুরকূলের লোকজন মোটরসাইকেলে করে সাত-আটজনকে নিয়ে গ্রামে ঢুকে পিতা নুর ইসলামের ওপর চড়াও হয়। ঘটনার কারণে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়। হামলার সময় তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর চারজনকে পুলিশে হস্তান্তর করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত দর্শনা থানার উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, পিতা-পুত্রের মধ্যে দীর্ঘদিনের কলহ এবং বাগ্বিতণ্ডা জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে শ্বশুরপক্ষের লোকজন এসে আরও উত্তেজনা সৃষ্টি করে। স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা জানান, বিষয়টি আমি শুনেছি। উভয় পক্ষের কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
